রাজনগরে বানের পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের
মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে আটকা পড়ে মো. আশরফ মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নদীভাঙনের আতঙ্কে পরিবার নিরাপদ আশ্রয়ে চলে গেলেও তিনি ঘরেই থেকে যান।
শুক্রবার (১০ জুলাই) সকালে নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।
আশরফ মিয়া উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার পিতা।
পরিবারও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নদী ভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামজুড়ে আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে আশরফ মিয়ার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। তাড়াহুড়োর সময়ে বৃদ্ধ আশরফ ঘরের ভেতরেই রয়ে যান। পরবর্তীতে ধীরে ধীরে এলাকায় বন্যার পানি বাড়তে থাকে। পানি বৃদ্ধি পাওয়ায় তিনি আর ঘর থেকে বের হতে পারেননি এবং ভেতরেই আটকা পড়েন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখেন। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যার পানিতে বৃদ্ধার মৃত্যু হয়েছে।
