বিশ্বনাথে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের
বিশ্বনাথে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মেহরাব আলী (৪২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পৌরশহরের ভোগশাইল গ্রামের দক্ষিণের হাওরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবেই ধারণা করা হচ্ছে, বজ্রপাতের আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।
নিহত মেহরাব আলী উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলীপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী সাহাব উদ্দিন জানান, বুধবার সকালে মেহরাব আলী মাছ ধরার উদ্দেশ্যে হাওরে যান। ধারণা করা হচ্ছে, মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে খবর পেয়ে দুপুরে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের স্ত্রী আয়মনা বেগম জানান, সকালে তার স্বামী মাছ ধরতে বের হয়েছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি এসে খবর দেন যে তার স্বামী হাওরে পড়ে আছেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্বামীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তিনি জানান, ইতিপূর্বে তাঁর স্বামী একবার স্ট্রোকের শিকার হয়েছিলেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘প্রাকৃতিক কোনো কারণে (বজ্রপাতে) তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
