আজমিরীগঞ্জে মাদকসেবন ও মাতলামির দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড
হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদক সেবন করে মাতলামি করা এবং এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্টের দায়ে মো. ইয়াসিন মোল্লা (২৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ জুন) বিকেল আনুমানিক ৩টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের নরজাকান্দা গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন চৌধুরী। দণ্ডপ্রাপ্ত ইয়াসিন মোল্লা ওই গ্রামের মৃত বারিক মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ইয়াসিন মোল্লা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই এলাকাবাসীকে গালমন্দসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। সোমবার দুপুরে তিনি আবারও মাদক সেবন করে এলাকায় মাতলামি শুরু করলে অতিষ্ঠ এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ইয়াসিন মোল্লাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, মাদক সমাজের শত্রু এবং এর ফলে এলাকায় শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। মাদকমুক্ত উপজেলা গড়তে এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

