রাজনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’ উদ্বোধন
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে যথাযোগ্য মর্যাদায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদ আহমদ ভূইয়া।
অনুষ্ঠানের শুরুতে রাজনগর ফায়ার সার্ভিসের টিম লিডার শাহিন আহমেদের নেতৃত্বে ফায়ারম্যান এবং রাজনগর সরকারি কলেজের বিএনসিসি ও স্কাউট সদস্যরা অতিথিদের ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এরপর ফায়ার সার্ভিস রাজনগর স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেনের তত্ত্বাবধানে এক অগ্নিনির্বাপণী মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আধুনিক বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ এবং জানমাল রক্ষা করা যায়, তা হাতে-কলমে প্রদর্শন করা হয়।
এ সময় ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। আগামী এক সপ্তাহব্যাপী জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ প্রচার ও মহড়া অব্যাহত থাকবে বলে জানানো হয়।
