আজমিরীগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের আজমিরীগঞ্জে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টারদিকে উপজেলার কাকাইলছেও বাজারে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে সংঘর্ষ।
সংঘর্ষে নিহত রাসেল মিয়া (৪৫) কাকাইলছেও গ্রামের ছোরত আলীর ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী বলে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুহিন সওদাগর এবং ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হান্নান মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি কাকাইলছেও পঞ্চায়েত কমিটি গঠন এবং বাজার এলাকায় সক্রিয়তা বাড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ আরও তীব্র আকার নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও উভয় পক্ষ থেকে উত্তেজনামূলক বার্তা ছড়ানো হচ্ছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এ অবস্থায় সোমবার রাতেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে যায় এবং সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে কাকাইলছেও গ্রামের ছোরত আলীর ছেলে ব্যবসায়ী রাসেল মিয়া (৪৫) নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম বলেন, সংঘর্ষে আক্রান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।তবে, পরিস্থিতি বিবেচনায় এ আদেশের সময়সীমা বাড়ানো হতে পারে।

