আজমিরীগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, এক্স-রে কক্ষ সিলগালা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে তদারকিমূলক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে, দুটি ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কক্ষ সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলার সিভিল সার্জন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আজমিরীগঞ্জ বাজারের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় সেবা ফার্মেসীকে ৭ হাজার টাকা, নিউ মেডিল্যাব হাসপাতালকে ৩০ হাজার টাকা এবং আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মেডিকেল টেকনোলজিস্ট না থাকা এবং সঠিক প্রটোকল অনুসরণ না করার কারণে আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার ও নিউ মেডিল্যাব হাসপাতালের এক্স-রে কক্ষ তাৎক্ষণিকভাবে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

