আজমিরীগঞ্জে সপ্তাহব্যাপী স্মার্ট ভূমি সেবা উদ্বোধন
আজমিরীগঞ্জে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন এবং র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা ভূমি অফিসের সামনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ সপ্তাহব্যাপী ভূমি সেবার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্টিত হয়।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি জুয়েল ভৌমিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার রেফা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ভূমি কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সপ্তাহব্যাপী উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সংক্রান্ত সকল ধরনের সেবা প্রদান করা হবে বলা হয়। এবং '১৬১২২' কল সেন্টারের মাধ্যমে ভূমি সেবা ও ডাকযোগে ভূমির সেবা তরান্বিত হচ্ছে বলেও জানান বক্তারা।
এসময় ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি জুয়েল ভৌমিক জানান, ভূমির জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে মন্ত্রণালয় সেবা সপ্তাহের এই আয়োজন করা হয়েছে পাশাপাশি ভূমি সেবা সপ্তাহে উপজেলা ও ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিস, স্থানীয় সম্মেলন কক্ষ কিংবা সুবিধাজনক স্থানে ক্যাম্প করে সেবা বুথ থাকছে। ওই বুথে অগ্রাধিকার ভিত্তিতে সেবাগ্রহীতারা উপজেলা পর্যায়ে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় 'অনলাইন রেজিস্ট্রেশন' ভূমি সেবায় রাখা হয়েছে। এছাড়া ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমির কর দেওয়া সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারি আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত কেইসের ক্ষতিপূরণের চেক দেওয়া, খতিয়ানের সার্টিফাইড কপি, প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ, এবং অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ইত্যাদিও গুরুত্ব পাচ্ছে উপজেলা পর্যায়ের ভূমি সেবায়।

