নিজের হাতে থাকা দা দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত যুবক
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌর এলাকার বাঁশ মহল নৌকাঘাটে নিজের হাতে থাকা দা দিয়ে মাথায় আঘাত করে শিশু মিয়া(৩৫) নামে এক যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা সময় বাঁশ মহল ফেরিঘাটে এ ঘটনাটি ঘটে। আহত শিশু মিয়া শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন বাড়ীর মৃত আইয়ুব আলী মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ১২টার দিকে বাঁশ মহল এলাকার চায়ের দোকানে আমরা বসেছিলাম, সেখানে শিশু মিয়াও ছিল। হঠাৎ তার হাতে থাকা দা দিয়ে মাথায় আঘাত করে মাঠিতে লুটিয়ে পড়ে সে।
খবর পেয়ে পুলিশ আহত শিশু মিয়া কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে জানতে শিশু মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার বড় ভাই সবুজ মিয়া জানান, আমার ভাই মিশুক চালক। তার দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রী নিয়ে সংসার। ইদানীং কয়েকদিন ধরে তার মাথায় সমস্যা দেখা দেয়।
সোমবার রাত ৩টার দিকে সে ঘর থেকে বের হয়ে যায়। আমরা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। পরে খবর আসে সে হাসপাতাল ভর্তি।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, প্রাথমিক তদন্তে তার পরিবারের কাছ থেকে জানতে পারি সে মানসিক প্রতিবন্ধী। বাশঁমহল এলাকায় চায়ের দোকানে চা খেয়ে তাদের কয়েল কাটার দা দিয়ে নিজের উপর আঘাত করে।

