সিলেটসহ সব জেলায় তরুণদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় তৃতীয় ব্যাচে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা এতে অংশ নিতে পারবেন।
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৫০ দিনের এই কোর্সটি চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। মোট ৩০০ ঘণ্টার এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো ফি দিতে হবে না; বরং প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা ও খাবারের ব্যবস্থা থাকবে। কোর্স শেষে সফল প্রশিক্ষণার্থীদের সনদও দেওয়া হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের গত ১২ নভেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। ইংরেজিতে দক্ষ প্রার্থীদের বাছাইয়ে অগ্রাধিকার দেওয়া হবে। ইতিমধ্যে গত ২৪ নভেম্বর অনলাইনে আবেদন গ্রহণের সময় শেষ হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর লিখিত ও ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও ফলাফল প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান জানান, ৩০০ ঘণ্টার এই পাঠ্যক্রমে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি এআই টুলের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রযুক্তিনির্ভর কাজের হাতে-কলমে প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।
দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ পরিচালনা করা হবে। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগে সার্ভিস ইঞ্জিনস লিমিটেডের যৌথ উদ্যোগ, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, বরিশাল ও খুলনা বিভাগে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং রাজশাহী ও রংপুর বিভাগে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগ প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব পেয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণকে তথ্যপ্রযুক্তি ও এআইয়ে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা নিজেদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এর মাধ্যমে তরুণরা এআই টুলের ব্যবহারিক প্রয়োগ, সমস্যা সমাধান, তথ্য বিশ্লেষণ, প্রোগ্রামিংয়ের প্রাথমিক জ্ঞান এবং এআইয়ের নৈতিক ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও ফ্রিল্যান্সিংয়ে আগ্রহীদের জন্য এই উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করবে। তবে প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের সংযোগ, নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রত্যন্ত এলাকার তরুণদের যুক্ত করার বিষয়ে গুরুত্ব দিলে এর সুফল আরও বিস্তৃত হবে।

