পুলিশের কাছ থেকে ছাত্রলীগের দুই নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার
সিলেটের কানাইঘাটে গ্রেফতারের সময় পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আফসর হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আফসর হোসেন কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতি। রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে এ ঘটনা ঘটে।
সোমবার (২৩ নভেম্বর) সিলেট জেলা বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে আফসরকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এদিকে পুলিশের কাজে বাধা দেওয়া এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল। রাত ৯টার দিকে পুলিশ খবর পায়, একটি মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সিলেট জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা ও তার নিকটাত্মীয় ছাত্রলীগ নেতা সাদেক আহমদ নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে মুলাগুল বাজারে সংগঠিত হচ্ছেন।
পরে পুলিশ বাজারের ‘মানব সেবা মেডিকেল’ নামের একটি দোকানের সামনে গিয়ে তাদের আটক করে। শাহিদ রানা স্থানীয় সাউদগ্রামের প্রয়াত আব্দুল হকের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আটকের পর বাজারের ব্যবসায়ী ও যুবলীগ নেতা সালেক আহমদ, সুহেল আহমদ, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন এবং ছাত্রলীগ নেতা আবুল ফয়েজ, সালমান আহমদ, মাহবুব রশিদ ও সালেহ আহমদসহ কয়েকজন পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে শাহিদ রানার বড় ভাই বিএনপি নেতা আফসর হোসেনের নেতৃত্বে তার স্বজনেরা পুলিশের ওপর চড়াও হয়ে দুই নেতাকে ছিনিয়ে নেন।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা মুলাগুল এলাকায় গিয়ে অভিযান চালান। তবে পাহাড়ি এলাকা হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা পুলিশের কাজে বাধা দেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার খবর পেয়ে পুলিশ মুলাগুল বাজারে গিয়ে মামলার আসামি শাহিদ রানা ও সাদেক আহমদকে আটকের চেষ্টা করে। এ সময় বিএনপি নেতা আফসরসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে তাদের ছিনিয়ে নেন।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে এলাকায় অভিযান চলছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের হাতকড়া ছিনিয়ে নেওয়ার বিষয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
অন্যদিকে, সোমবার সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আফসর হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

