জৈন্তাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে আলমারি ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম গতিশীল করা এবং সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে স্টিল আলমারি এবং ১৫ জন দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। নিজপাট ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামগ্রী বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল এবং ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
এ ছাড়া অনুষ্ঠানে ইউপি সদস্য রেহানা বেগম, খালেদা বেগম, কাজলী রানী বিশ্বাস, সেলিম আহমদ, ফখরুল ইসলাম, হুমায়ুন কবির খান, মাসুক আহমদ, মামুনুর রশিদ মামুন, সাইফুল ইসলাম, আখলাকুল আম্বিয়া ও শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের হাটবাজার ইজারার আয়ের ৫ শতাংশ বরাদ্দ থেকে এই উন্নয়নমূলক সহায়তা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে এলাকার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২টি সামাজিক ক্লাবের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে এলাকার ১৫টি অসচ্ছল পরিবার নতুন করে কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

