সুনামগঞ্জে শতাধিক প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৩ কোটি টাকার চেক বিতরণ
সুনামগঞ্জে সামাজিক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে শতাধিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে মোট ৩ কোটি টাকার বরাদ্দের চেক বিতরণ করেছে জেলা পরিষদ। একই সঙ্গে আরও ৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্টদের কাছে প্রকল্পগুলো হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ ও প্রকল্প হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী মিজান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মিজানুর রহমান চৌধুরী বলেন, তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সামগ্রিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া এবং অবহেলিত জনপদের অবকাঠামোগত উন্নয়নই মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থান, গ্রামীণ সড়কসহ বিভিন্ন জনকল্যাণমূলক অবকাঠামোর উন্নয়ন সরাসরি সাধারণ মানুষের উপকারে আসে। জেলা পরিষদ সব সময় মানুষের প্রয়োজন ও এলাকার বাস্তব চাহিদাকে অগ্রাধিকার দিচ্ছে। বরাদ্দপ্রাপ্ত অর্থ যেন শতভাগ স্বচ্ছতার সঙ্গে যথাযথ খাতে ব্যয় হয়, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করতে হবে।
জেলার প্রতিটি প্রান্তে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জেলা পরিষদের এমন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

