সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা গ্রহণ করলেন জেলা প্রশাসক
সুনামগঞ্জের চারটি উপজেলায় নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বাস্তব চিত্র নিয়ে পরিচালিত এক সামাজিক নিরীক্ষার (সোশ্যাল অডিট) প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট’ (ইরা)-এর বাস্তবায়নাধীন ‘নাগরিকতা’ প্রকল্পের আওতায় এই নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের হাতে "জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা" শীর্ষক এ প্রতিবেদনটি তুলে দেওয়া হয়।
সংস্থার পক্ষে প্রতিবেদন ও সুপারিশমালা হস্তান্তর করেন ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান এবং ফিল্ড কো-অর্ডিনেটর তৃপ্তি দে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় প্রান্তিক নারীদের শিক্ষা, কর্মদক্ষতা এবং কর্মসংস্থানের বিদ্যমান সুযোগ ও অন্তরায়গুলো চিহ্নিত করতে মাঠপর্যায়ে এই সামাজিক নিরীক্ষা চালানো হয়। পরবর্তীতে অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রাপ্ত মতামত ও পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত প্রতিবেদন এবং নীতিনির্ধারণী সুপারিশমালা প্রণয়ন করা হয়।
আয়োজকরা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রকৃত চিত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরা এবং নাগরিকদের মতামতের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সহায়তা করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ইরা’র নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনপদের জীবনমান উন্নয়নে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

