জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও গবাদিপশু জব্দ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় পণ্য ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুর বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল পরিচালনা করা হয়। অভিযানকালে চোরাকারবারিরা পালিয়ে গেলে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৫ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, গরু ও মহিষ জব্দ করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। জব্দকৃত ভারতীয় মালামাল ও গবাদিপশু স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্তে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

