ক্লাস চলাকালে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ
শ্রেণিকক্ষে উপস্থিতি থাকার কথা দুই শতাধিক শিক্ষার্থীর, কিন্তু ক্লাস চলাকালে উপস্থিত পাওয়া গেল মাত্র ৭৫ জনকে! বাকি শিক্ষার্থীদের বড় একটি অংশ শিক্ষাপ্রতিষ্ঠানে না এসে তখন ক্লাস করছে বিভিন্ন বাণিজ্যিক কোচিং সেন্টারে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর ঐতিহ্যবাহী আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে এমনই চাঞ্চল্যকর চিত্র দেখতে পান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
পরিদর্শনকালে ক্লাসে শিক্ষার্থীদের ব্যাপক অনুপস্থিতি দেখে কারণ জানতে চাইলে সিউক চেয়ারম্যানকে জানানো হয়, কলেজের ক্লাস চলাকালীন সময়েই নগরীর বিভিন্ন কোচিং সেন্টারে ব্যাচ পড়ানো হয়। ফলে অনেক শিক্ষার্থী ক্লাসে না এসে কোচিংয়ে চলে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিংয়ের সময়সূচি একই হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন সিউক চেয়ারম্যান। একই সঙ্গে স্কুল-কলেজের স্বাভাবিক পাঠদান নিশ্চিত করতে নগরীতে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
এ বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, একটি ক্লাসে দুই শতাধিক শিক্ষার্থী থাকার কথা থাকলেও পাওয়া গেছে মাত্র ৭৫ জন। শিক্ষার্থীদের কাছেই জানলাম, অনেকেই কলেজের ক্লাসের সময়ে বাইরে কোচিং করছে। এটি প্রচলিত শিক্ষাব্যবস্থা ও সরকারি নির্দেশনার পরিপন্থী। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস চলার সময়ে কোনোভাবেই কোচিং সেন্টার চালু রাখা গ্রহণযোগ্য নয়।"
তিনি আরও বলেন, "কোন কোন কোচিং সেন্টার ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থী নিয়ে পাঠদান পরিচালনা করছে, তাদের দ্রুত চিহ্নিত করতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এমন কার্যক্রম চালালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষার্থীদের ফলাফলের অবনতির পেছনে এমন শ্রেণিকক্ষবিমুখতাকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে সিউক চেয়ারম্যান অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সন্তানদের স্কুল-কলেজে পাঠিয়ে অভিভাবকরা ভাবছেন তারা নিয়মিত ক্লাস করছে। অথচ তারা ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসে যা পড়ানো হয়, কোচিংয়েও মূলত একই পাঠ্যক্রম পড়ানো হয়। তাহলে কলেজের ক্লাস বাদ দিয়ে কোচিংয়ে যাওয়ার যৌক্তিকতা কোথায়? এতে একদিকে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পাঠ থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে অভিভাবকদেরও দুই জায়গায় বেতন দিয়ে বাড়তি আর্থিক বোঝা বহন করতে হচ্ছে।
পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সাথে সার্বিক শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন। একই সাথে তিনি শিক্ষার্থীদের অতিরিক্ত কোচিংনির্ভরতা কমিয়ে ক্লাসে নিয়মিত ও মনোযোগী হওয়ার দিকনির্দেশনা দেন।

