মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাধবপুর থানা ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।
পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জসিম সিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর কবির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ ও সফিক মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানি আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন খান, ছাব্বির আহমেদ জুয়েল, রিংকু দেবনাথ, এহসান আহমেদ সেজান, রিফাত খা, ইমরান আহমেদ দিপু ও জীবন পাঠান নিলয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযুক্ত আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জোরালো দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে মাধবপুর থানা ঘেরাও করারও হুঁশিয়ারি দেন তারা।
এছাড়া প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বক্তারা অভিযোগ করেন, কিছু কর্মকর্তা দিনে বিএনপির সঙ্গে আর রাতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলছেন। এসব কর্মকাণ্ড বন্ধ করে অবিলম্বে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান উপস্থিত নেতারা।
কর্মসূচিতে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
