সিলেটে নকশাবিহীন বহুতল ভবনের বিরুদ্ধে কঠোর হচ্ছে সিউক
সিলেট নগরে অনুমোদিত নকশা ছাড়াই অনেক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়া এবং জাতীয় বিল্ডিং কোড অনুসরণ না করার মতো অনিয়মের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। নকশাবিহীন ও বিধিবহির্ভূত ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে শিগগিরই বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।
বুধবার (১১ নভেম্বর) সিলেট নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন পরিদর্শন শেষে তিনি এ সতর্কবার্তা দেন। সিউকের নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে টানা তৃতীয় দিনের মতো ভবন নির্মাণকাজের তদারকিতে বের হন তিনি।
পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান বলেন, নগরের বিভিন্ন এলাকায় অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণ করতে দেখা গেছে, যা সিউক আইন ও ইমারত নির্মাণ বিধিমালার পরিপন্থি। এসব ভবনের মালিকদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, নির্মাণকাজ বন্ধসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সিউক কর্মকর্তাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া কিংবা জরিমানা আদায় করা নয়। বরং নগরবাসী যেন আইন মেনে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেন, তা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
অতীতে ভবন নির্মাণে যেসব অনিয়ম বা অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটেছে, সেগুলো সংশোধন করে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
কয়েস লোদী বলেন, নকশার বাইরে ভবন নির্মাণ করে পরবর্তী সময়ে আইনি জটিলতা কিংবা আদালতের দ্বারস্থ হওয়ার চেয়ে শুরু থেকেই অনুমোদিত নকশা অনুসরণ করা অনেক বেশি শ্রেয়। এতে ভবনমালিকেরা অনাকাঙ্ক্ষিত হয়রানি ও আইনি জটিলতা থেকে রক্ষা পাবেন এবং নিরাপদে বসবাস করতে পারবেন। তাই ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বা নকশাগত ব্যত্যয় রাখা উচিত নয়।
সিউকের চলমান উদ্যোগে নগরবাসী ইতিবাচক সাড়া দেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

