সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট শাখার বিবৃতি
বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ চাই
‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এই প্রতিপাদ্য সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সিলেট জেলা শাখা।
আগামীকাল ১২ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা সুজনের সভাপতি সৈয়দা শিরিন আক্তার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সংগঠনের সকল স্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সচেতন নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত ২৪ বছর ধরে সুজন দেশে গণতন্ত্র, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি, নাগরিক অধিকার ও নির্বাচন ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য।
সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা উল্লেখ করেন, হত্যা, ধর্ষণ, নির্যাতন, সহিংসতা, দুর্নীতি ও সাম্প্রদায়িক উসকানির বিস্তার অত্যন্ত চিন্তার বিষয়। তারা এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানান যেখানে প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা, মানবিক মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় সম্প্রীতি ও বহুমতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে। রাজনীতি কেবল ব্যক্তিস্বার্থ বা ক্ষমতার অপব্যবহারের জন্য নয়, বরং তা হতে হবে জনকল্যাণমুখী।
২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও দলনিরপেক্ষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জোরালো দাবি জানানো হয়। একই সঙ্গে বৈষম্যহীন ও সহিংসতামুক্ত মানবিক বাংলাদেশ গড়তে সরকার, রাজনৈতিক দল ও সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত উদ্যোগ ও ঐক্যবদ্ধ ভূমিকা প্রত্যাশা করে সিলেট সুজন।

