সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ দুই ভারতীয় নাগরিক আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ১১ নভেম্বর বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এসের মধ্যবর্তী স্থান দিয়ে দুই ভারতীয় নাগরিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তাঁরা আনুমানিক ১৫০ গজ ভেতরে আনারস বাগান নামক স্থানে গেলে সেখানে টহলরত বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। এ সময় তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোনসহ ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

