এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার অপরাধে সাতজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে এয়ারপোর্ট থানাধীন হিলুয়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—হিলুয়াছড়া এলাকার সুবল মুন্ডা (২০), যাদব গঞ্জ (৩৫), মো. আজিদ খান (৩২), উজ্জ্বল ভূমিজ (২৫), মো. জাহেদ (৩৩), মো. দুলাল (৩৮) এবং সাগর নায়েক (৪২)। তাঁরা সবাই হিলুয়াছড়া চা বাগান এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, হিলুয়াছড়া চা বাগান এলাকায় নিয়মিত জুয়ার আসর বসে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে ওই সাতজনকে আটক করা হয়।
এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আইনের ৯৫ ধারায় একটি নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। বুধবার তাঁদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

