হিংসা ও বিভাজনের অবসান প্রত্যাশা সিসিক প্রশাসকের
সিলেট নগরীর সুরমা তীরের চাঁদনীঘাটে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই হোক আমাদের অঙ্গীকার।’
বুধবার বিকেলে প্রতিমা নিরঞ্জন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের দীর্ঘদিনের ঐতিহ্য হচ্ছে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান। একে অপরের ধর্মীয় উৎসবে পাশে থাকা এখানকার সংস্কৃতির অংশ। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার; আর উৎসবের আনন্দ সবার’—এ নীতিতেই বিশ্বাস করে বর্তমান প্রশাসন।
তিনি জানান, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সিসিকের পক্ষ থেকে মহানগরের ৮৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৪০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া সড়ক মেরামত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আলোকসজ্জা, নিরাপদ পানি সরবরাহ এবং বর্জ্য অপসারণে নেওয়া হয়েছিল বিশেষ প্রস্তুতি। জরুরি নাগরিক সেবা প্রদানে সার্বক্ষণিক চালু রাখা হয় বিশেষ কন্ট্রোল রুম।
আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে সিসিক প্রশাসক বলেন, উৎসব নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব বা উসকানি প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বিসর্জন পরবর্তী নদীর তীর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন—পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ এবং মহানগর শাখার সভাপতি সুব্রত দেব প্রমুখ।

