মসজিদে আজানরত মুয়াজ্জিনকে ছুরিকাঘাত
মসজিদে ফজরের আজান দেওয়ার সময় মুয়াজ্জিন সৈয়দকে ছুরিকাহত করা হয়েছে। সোমবার ভোরে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চরবাঙ্গাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের আজান চলাকালীন সময়ে মসজিদে আজান দিচ্ছিলেন মুয়াজ্জিন সৈয়দ। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, সৈয়দ এলাকায় একজন ভালো, ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং সবার সঙ্গে হাসিমুখে কথা বলেন। মসজিদে আজান দেওয়ার সময় তার ওপর হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আহত মুয়াজ্জিন সৈয়দের দ্রুত সুস্থতার জন্য পরিবারের সদস্য ও এলাকাবাসী সবার কাছে দোয়া চেয়েছেন।

