বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার হুমকি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ
বিশ্ব শিক্ষক দিবসে হবিগঞ্জের মাধবপুরে নিরোধ চন্দ্র দত্ত (৮০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার হুমকি ও তাঁর বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় একদল কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৫ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী শিক্ষক মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে একদল কিশোর লাঠিসোঁটা নিয়ে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে অবস্থিত নিরোধ চন্দ্র দত্তের বাড়িতে প্রবেশের চেষ্টা করে। গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে না পেরে বাইরে থেকে রান্নাঘরের টিনের চালে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
শিক্ষক নিরোধ চন্দ্র দত্তের অভিযোগ, এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তিনি আরও জানান, এলাকায় চুরি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় একটি ‘কিশোর গ্যাং’-এর সদস্যরা দীর্ঘদিন ধরে তাঁকে ভয়ভীতি দেখাচ্ছিল। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী শিক্ষক প্রশাসনের কাছে তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
