বেশি দামে এলপিজি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের চুনারুঘাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং অনুমোদিত সীমার অতিরিক্ত এলপিজি মজুদের অসামঞ্জস্য পাওয়ায় জননী এন্টারপ্রাইজ নামের এক এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত।
সোমবার (০৫ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার উত্তর বাজারে অবস্থিত জননী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, অভিযানে প্রতিষ্ঠানটিতে এলপিজি বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসা পরিচালনা এবং পূর্বের লাইসেন্সে অনুমোদিত সীমার চেয়ে বেশি পরিমাণ এলপিজি মজুদের বিষয়টি ধরা পড়ে।
এ সময় প্রতিষ্ঠানের ক্রয় রশিদও যাচাই করা হয়। রশিদ পর্যালোচনায় দেখা যায়, বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘সেনা’ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সংশ্লিষ্ট ডিলারের কাছে এলপিজি বিক্রি করছে। এতে ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাগজপত্রেও অসামঞ্জস্য পাওয়া যায়।
এসব অনিয়মের বিষয় আমলে নিয়ে জননী এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুল লতিফকে (পিতা- আব্দুল ছোবহান, সাং মাঝিশাইল) ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং পরবর্তীতে তা আদায় করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির লাইসেন্স দ্রুত নবায়ন, অনুমোদিত সীমার মধ্যে এলপিজি মজুদ রাখা এবং প্রয়োজন অনুযায়ী মজুদের অনুমোদিত সীমা বৃদ্ধির জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি বিক্রি এবং অনুমোদনবহির্ভূতভাবে এলপিজি মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

