বিশ্ব শিক্ষক দিবসে সড়কে প্রাণ গেল শিক্ষকের
বিশ্ব শিক্ষক দিবসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শাহজাহান আলী (৪০) নামে এক কলেজশিক্ষক। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ সড়কে ট্রাক্টরের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিশেষ প্রয়োজনে চুয়াডাঙ্গা শহরে এসেছিলেন শাহজাহান আলী। কাজ শেষে দুপুরে চুয়াডাঙ্গা শহর থেকে মোটরসাইকেল চালিয়ে দামুড়হুদার দিকে ফিরছিলেন। পথে হাটকালুগঞ্জ এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান।

