কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, শমশেরনগর লামাবাজার, স্টেশন রোড ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা গ্যাস সিলিন্ডারের বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয় করার মতো অনিয়ম ধরা পড়ে।
এসব অপরাধে লামাবাজারের ‘ওম ট্রেডার্স’-কে ৩ হাজার টাকা, স্টেশন রোডের ‘চৌধুরী ট্রেডার্স’-কে ২ হাজার টাকা এবং ‘সায়েম হার্ডওয়্যার’-কে ১৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য অনুসরণ করতে এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও সতর্কতামূলক পরামর্শ প্রদান করা হয়।
