কানাইঘাটে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের অভিযান
সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে মাঠে নেমেছে কানাইঘাট উপজেলা প্রশাসন। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সড়কের বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানগুলোতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। এ সময় দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক সিলিন্ডার ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, ‘এখন থেকে উপজেলার সকল হাট-বাজার এবং গ্যাস সিলিন্ডার বিক্রয় কেন্দ্রগুলোতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। প্রতিটি ব্যবসায়ীকে অবশ্যই সরকার নির্ধারিত মূল্য তালিকা দোকানের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘কোনো ব্যবসায়ী যদি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করেন কিংবা অবৈধভাবে মজুত করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সাধারণ ক্রেতাদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম দাবি করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।
