জগন্নাথপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
শামছুল ইসলাম সভাপতি, আবু খালেদ সম্পাদক
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, জগন্নাথপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জগন্নাথপুর পৌরসভা হলরুমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৭ জন ভোটারের মধ্যে ১৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান। এ সময় তার সঙ্গে দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল হোসেন ও সদস্য পংকজ কান্তি দে।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মাওলানা মো. শামছুল ইসলাম ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মো. অলি উদ্দিন পেয়েছেন ৭ ভোট। সহ-সভাপতি পদে মো. মিছবাহ উদ্দিন চৌধুরী ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস. কে চৌধুরী শিমু পেয়েছেন ৭ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক পদে মো. আবু খালেদ ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মো. লায়েক আহমদ পেয়েছেন ৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল হক ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান পেয়েছেন ৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে মো. আবুল হোসেন মিজি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আমির হোসেন ও নুরুল ইসলাম খান শিহাব নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচন প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচন পরিচালনা কমিটি ও নবনির্বাচিত নেতৃবৃন্দ।
