তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানো হবে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে আয়োজিত এই সাক্ষাতে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে হলে মাঠগুলোতে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চা অপরিহার্য।
সিলেটের ক্রীড়া ঐতিহ্যের কথা স্মরণ করে মন্ত্রী আরও বলেন, সিলেটের মাটি থেকে অতীতে অনেক জাতীয় মানের খেলোয়াড় উঠে এসেছেন। বর্তমান সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে সিলেটের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর। মাঠ উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি ক্রীড়া সংগঠকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ক্রীড়া সংস্থাগুলোকে আরও সক্রিয় হয়ে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার ওপর জোর দিতে হবে।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মোস্তফা কামাল মওদুদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ আহমদ প্রমুখ।

