কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, দেশ যখন একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী চক্র দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার অপতৎপরতা চালাচ্ছে। কিন্তু জনগণ ও সচেতন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের এই চক্রান্ত কখনই সফল হবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার কড়া নজরদারি বজায় রেখেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের নানা শুল্ক বাধা দূর করতে সফল উদ্যোগ নিয়েছে। যেকোনো গোষ্ঠীর সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকে রাজপথেই রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আমির হোসেন, ডা. আশরাফ আলী, আফজাল উদ্দিন, আব্দুর রহিম মল্লিকসহ মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

