রামিসা হত্যা: ন্যায়বিচারের প্রত্যাশায় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বাবার সাক্ষাৎ
ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার মিরপুরের শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রামিসা হত্যা মামলার অগ্রগতি ও বিচারপ্রক্রিয়া নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেন তার বাবা।
বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন আব্দুল হান্নান মোল্লা।
সাক্ষাতে অ্যাটর্নি জেনারেল রামিসার বাবাকে আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার তাদের পাশে রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কার্যকর ভূমিকা রাখবে।
গত ১৯ মে ২০২৬ রাজধানীর পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ ভবনের পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণের শিকার হয়ে নৃশংসভাবে হত্যার শিকার হন দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।
ঘটনার দিনই প্রতিবেশী সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার বিচার দ্রুত শেষ করে গত ৭ জুন ঢাকার একটি আদালত প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।

