মাধবপুরে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা
হবিগঞ্জের মাধবপুরে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা সম্পন্ন হয়।
দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় সমবায় সমিতি ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসান। এছাড়া কৃষি উপকরণের সঠিক ব্যবহার ও সবজি চাষ পদ্ধতির ওপর প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার। আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক।
সমবায় সমিতি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন হবিগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক সিউলি সিনহা। প্রশিক্ষকবৃন্দ সমবায়ীদের সমিতি পরিচালনার নিয়মাবলি, মৎস্য ও কৃষি চাষের আধুনিক কৌশল এবং সমবায় আন্দোলনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাধবপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাঈল তালুকদার রাহি। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে সমবায়ীরা তাদের সমিতি পরিচালনায় আরও দক্ষ হয়ে উঠবেন এবং কৃষিনির্ভর আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
