সুরমায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ইউনিয়নবাসী।
বাঘা গোলাবনগর আরাবিয়া ইসলামীয়া দারুল হাদিস মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে সুরমা নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে।
তাদের অভিযোগ, বর্তমানে বাঘা মাদ্রাসার আশপাশের নদীতীর এবং জান্দিগাঁও খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে নিয়মিতভাবে বালু তোলা হচ্ছে।
এর ফলে নদীর তীরবর্তী স্থাপনা ও বসতবাড়ি ঝুঁকিতে পড়ছে। বিশেষ করে স্থানীয় মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, বাঘা ইউনিয়ন পরিষদ ভবন ও কৃষিজমি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে আগামী শুষ্ক মৌসুমে নদীভাঙনের তীব্রতা বাড়তে পারে। এতে নদীর তীরবর্তী মানুষের বসতভিটা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদী রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি জানান।
মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ জামিল আহমদের সভাপতিত্বে এবং মাদ্রাসার হিসাবরক্ষক মাওলানা মোশাররফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আবুল হাসনাত, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর কাদের সেলিম, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, নজরুল ইসলাম, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক জামাল আহমদ, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক শাকিল আহমদ, হাজী আতিকুর রহমান, মাহবুবুর রহমান, হাজী মাহতাব উদ্দিন, সাদ উদ্দিন, জয়নুর রহমান, মাওলানা এনাম উদ্দিন, নিহাদ আহমদ ও বাবু যিষু দেব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা ফুজায়েল আহমদ।
মানববন্ধন থেকে বক্তারা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে এর আগেও প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সুরমা নদীর পৌরসভার সরস্বতী কান্দিগাঁও খেয়াঘাট এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয় বাঘা গোলাবনগর আরাবিয়া ইসলামীয়া দারুল হাদিস মাদ্রাসা কর্তৃপক্ষ।
তবে অভিযোগ দেওয়ার পরও নদী থেকে বালু উত্তোলন বন্ধ হয়নি বলে মানববন্ধনে দাবি করা হয়। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে নদীভাঙন ও তীরবর্তী স্থাপনা রক্ষায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

