ছাতক ও দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ছাতক ও দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপভোগ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখেন। তবে নির্ধারিত সময় শেষে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হিসেবে শেষ হয়।
ছাতক উপজেলা প্রশাসন দলের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন এবং দোয়ারাবাজার উপজেলা প্রশাসন দলের নেতৃত্বে ছিলেন ইউএনও অরুপ রতন সিংহ।
ছাতক দলের হয়ে মাঠে নামেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ মুরসালিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার শৈলেন্দ্র বৈষ্ণব, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রকৌশলী মো. আমির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
অপরদিকে, দোয়ারাবাজার দলের হয়ে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ছাতক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার সৈয়দ মুহাম্মদ লাল মিয়া। ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক পাপলু মিয়া। ম্যাচটি পরিচালনা করেন প্রধান পরিচালক জামিল আহমদ এবং তার সহকারী হিসেবে ছিলেন জুয়েল ও অনিক।
প্রশাসনিক কর্মকর্তাদের এই প্রীতি ম্যাচটি দুই উপজেলার কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।
