জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে ডক্টরেট পেলেন কুলাউড়ার রাসেল
জাপানের স্বনামধন্য হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃতি সন্তান মো. আলতাফুর রহমান (রাসেল)। তিনি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের মরহুম আব্দুল বারি ও সুফিয়া বেগম দম্পতির দ্বিতীয় পুত্র।
রাসেলের এই সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক, স্বজন ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। টিলাগাঁও ইউনিয়ন থেকে তিনিই প্রথম পিএইচডি ডিগ্রি অর্জনকারী হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন।
জানা যায়, আলতাফুর রহমান রাসেলের শিক্ষাজীবনের শুরু স্থানীয় শাহ্জালাল কিন্ডারগার্টেন স্কুলে। এরপর টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার সুযোগ লাভ করেন। তাঁর বাবা মরহুম আব্দুল বারি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার হিসেবে কর্মরত ছিলেন।
রাসেলের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বড় ভাই আতাউর রহমান (নোমান) বলেন, ‘রাসেল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, অধ্যবসায়ী ও কঠোর পরিশ্রমী ছিল। তাঁর এই অর্জন শুধু আমাদের পরিবারের জন্য নয়, বরং পুরো টিলাগাঁও ইউনিয়ন তথা বাংলাদেশের জন্য গর্বের।’ তিনি রাসেলের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাসেলের ছবিসহ তার এই সাফল্যকে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য ‘অনুপ্রেরণার উৎস’ হিসেবে আখ্যায়িত করছেন অনেকেই। স্থানীয় সুধীমহল আশা করছেন, কৃষি বিজ্ঞানে তার এই উচ্চতর জ্ঞান দেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
