জগন্নাথপুরে ‘অল টাইম ক্লিন’-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক সংগঠন ‘অল টাইম ক্লিন জগন্নাথপুর’-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের উপদেষ্টা শাহজাহান মিয়ার সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মুবিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা জামাল উদ্দিন বেলাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সদস্য হাফিজ সাকিল আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সদস্য আল আমিন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জালাল উদ্দীন বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তরুণ প্রজন্মকে শিক্ষার প্রতি উৎসাহিত করতে এবং তাদের সৃজনশীল মেধা বিকাশে এ ধরনের সংবর্ধনা বড় ভূমিকা রাখে। আশা করি, কৃতি শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।’
সংগঠনের সদস্যরা জানান, মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এবং তাদের অর্জিত সাফল্যকে স্বীকৃতি দিতেই প্রতি বছরের ন্যায় এবারও এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ, প্রতিষ্ঠাতা ও যুগ্ম সম্পাদক রাহিম আফ্রিদি এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল কবির, অল ফ্রেন্ডস জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সায়েক আহমদ, ফেয়ার জগন্নাথপুরের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমানসহ সংগঠনের সদস্য জহির উদ্দিন, রবিউল আহমদ ইমরান, নাদিম আহমদ, জায়েদ, নাঈম, রবিউল, মুরাদ মিয়া, উসমান, মুরাদ হোসেন, হাসান ও রাহি প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংবর্ধনায় অংশ নিতে পেরে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা আয়োজক সংগঠন ‘অল টাইম ক্লিন’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
