সুনামগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের সাথে হাতাহাতির পর নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রাধানগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম রাধানগর (দক্ষিণ হাটি) গ্রামের মৃত সমাদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী কবরস্থান সংলগ্ন একটি ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে নিহত নজরুল ইসলামের সাথে তার আপন চাচাতো ভাই আব্দুল আলীর (উমর আলীর ছেলে) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নজরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান হোসেন জানান, নজরুল ইসলাম অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। তুচ্ছ ঘটনায় ধাক্কাধাক্কির পর মাটিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
