প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে দেওয়া হলো গাভি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের জীবিকা নির্বাহ ও আত্মকর্মসংস্থানের সুবিধার্থে তাদের একটি গাভি দেওয়া হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহত ফিরোজা বেগমের স্বজনদের হাতে গাভিটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুর রহমান চৌধুরী, শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল ও সাধারণ সম্পাদক পবন রায়সহ স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত, বরিশালে ভূমি কর্মকর্তাসহ দুজনকে স্ট্যান্ড রিলিজ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতের পরিবারের জন্য স্থায়ী আয়ের একটি ব্যবস্থা করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পারাপারের সময় এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় প্রতিমন্ত্রী আহত হন এবং গুরুতর আহত বৃদ্ধা ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

