সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
সিলেট মহানগরীতে প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোগলাবাজার থানাধীন নৈখাই খালেরমুখ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চর নতুনবন্দর এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. নুর হাকিম (৩০), একই থানার শৌলমারী এলাকার আজবাহার মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং নতুনবন্দর এলাকার আব্দুল খালেকের ছেলে মো. এহসানুল হক (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মোগলাবাজার থানার নৈখাই খালেরমুখ বাজারে হক ট্রেডার্সের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো চ-৫৩-২১৩২) আটক করে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে দুটি গাড়ি থেকে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চালালে অজ্ঞাতনামা কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, পলাতক আসামিদের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও পরিবহন করা হতো।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-০৪, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

