জগন্নাথপুরের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেপ্তার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী মো. জিবলু মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-৯। রোববার বিকেলে সিলেট মহানগরীর মোগলাবাজার থানার পীর হাবিবুর রহমান চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিবলু মিয়া জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. বিল্লাল উদ্দিনের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল বিকেলে নোয়াগাঁও গ্রামের ওই কিশোরী নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। তার বাবা-মা পারিবারিক কাজে বাড়ির বাইরে থাকার সুযোগে জিবলু মিয়া ঘরে প্রবেশ করে। সে কিশোরীর মুখ ও হাত চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। জিবলু যখন ঘর থেকে পালিয়ে যাচ্ছিল, তখন কিশোরীর মা তাকে দেখতে পান। পরবর্তীতে তিনি ঘরে প্রবেশ করে তার মেয়েকে হাত বাঁধা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন। এই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই আসামী জিবলু মিয়া পলাতক ছিল। র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেট নগরীর মোগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার একমাত্র আসামীকে র্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। সোমবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
