ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মতবিনিময়
সুনামগঞ্জের ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহমান ও নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো. খালেদ মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, ইউপি সদস্য সাদ আহমদ, মাওলানা মঞ্জুর আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য হাওর-বিল দখলমুক্ত করা জরুরি। পাশাপাশি মাছের পোনা নিধন বন্ধে সব ধরনের অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে। মৎস্যজীবীদের টেকসই উৎপাদনে সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট মৎস্য ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী মাছ চাষসহ কৃষি উৎপাদন কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে। অন্যদিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন বলেন, মাছের প্রজনন ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এ ক্ষেত্রে মৎস্য অধিদপ্তর সবসময় মৎস্যজীবী ও সাধারণ মানুষের পাশে রয়েছে।
