ছাতকে উৎসবমুখর পরিবেশে হাডুডু প্রতিযোগিতা
ফতেহপুরকে হারিয়ে কামরাঙ্গি চ্যাম্পিয়ন
সুনামগঞ্জের ছাতক উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী, আহারগাঁও ও মনিয়াসের যৌথ উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাকর ফাইনালে সুনামগঞ্জ সদর উপজেলার ফতেহপুর গ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক কামরাঙ্গি দল।
আয়োজক সূত্রে জানা যায়, গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে এবং যুবসমাজকে মাঠমুখী করতে এই বিশেষ আয়োজন। প্রতিযোগিতায় ছাতকের চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামসহ মোট ৬০টি দল অংশগ্রহণ করে।
সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাকে ঘিরে কামরাঙ্গি এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য এবং আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠ ছিল সরগরম। হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। খেলাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি ও এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো।
বিকেলে খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এই ধরণের প্রতিযোগিতার আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
