প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বাদাঘাটে ব্যবসায়ীদের মানববন্ধন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাঠানপাড়া-মিয়ারচর খেয়াঘাটে মালামাল পারাপারে অতিরিক্ত টোল আদায় ও সাধারণ জনগণকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বাদাঘাট বাজার বণিক সমিতি ও ভুক্তভোগী জনগণের উদ্যোগে বাদাঘাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাঠানপাড়া ও মিয়ারচর খেয়াঘাটের দুই পারে পৃথকভাবে টোল আদায় করা হচ্ছে। এর ফলে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে একই পারাপারে দুইবার টাকা দিতে হচ্ছে। এই দ্বৈত টোল আদায়ের কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ যাত্রী ও মালামাল পরিবহনকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঠানপাড়া-মিয়ারচর খেয়াঘাটে পারাপারের সময় যে হারে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে, তা দেশের আর কোথাও নেই। আমরা সরকারি নির্ধারিত বৈধ ইজারাদারকে টোল দিতে রাজি। কিন্তু বর্তমানে দুই পারে দুই পক্ষ অবৈধভাবে টাকা আদায় করছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসন যদি ইজারা সংক্রান্ত সমাধান না করে, তবে আমরা উভয় পক্ষকেই ঘাট থেকে উচ্ছেদ করতে বাধ্য হব। প্রয়োজনে জনগণের স্বার্থে ঘাট উন্মুক্ত ঘোষণা করা হবে।
বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, আমরা দেশের সচেতন নাগরিক হয়েও কেন এই অন্যায়ের শিকার হব? প্রশাসনের নাকের ডগায় দুই পারে দুজন টাকা তুলছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এর সমাধান না হলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণকে নিয়ে আমরা ঘাটের নিয়ন্ত্রণ নেব। কোনোভাবেই দ্বৈত টোল মানা হবে না।
ব্যবসায়ী ইসলাম উদ্দিন বলেন, জেলা ও উপজেলা প্রশাসন কেন কয়েক সপ্তাহ ধরে চলমান এই সমস্যার সমাধান করতে পারছে না, তা আমাদের বোধগম্য নয়। আমরা নিয়মিত সরকারকে ট্যাক্স দিচ্ছি, অথচ রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে। আমরা দ্রুত এই হয়রানি থেকে মুক্তি চাই।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারি নির্ধারিত টোল চার্ট অনুযায়ী আদায়ের ব্যবস্থা এবং প্রকৃত ইজারাদার নির্ধারণ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বাদাঘাট বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মাওলানা মোখলেসুর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আমির শাহ, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হেলু মিয়া, ব্যবসায়ী জুবায়ের আহমদ, সাজ্জাদ হোসেনসহ বাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
