সিলেটে উদ্যোক্তাদের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’
উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সিলেটে ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ আয়োজন করেছে গ্রোথ অ্যান্ড মার্কেটিং এজেন্সি নেক্সট লিডার্স।
শনিবার (৮ আগস্ট) সিলেটের গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিলে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে সিলেট, ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৪০ জন ফাউন্ডার, উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন।
অনুষ্ঠানে গ্রাহক অর্জন, বিক্রয় ও বিপণন কৌশল, ব্যবসা সম্প্রসারণ, ব্র্যান্ড উন্নয়ন এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়। পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্পর্ক ও সম্ভাব্য সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন উদ্যোক্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই। তিনি বলেন, উদ্যোক্তারা প্রায়ই একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের জন্য কার্যকর প্ল্যাটফর্মের সংখ্যা খুবই সীমিত। এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের পারস্পরিক শেখা, নেটওয়ার্ক গড়ে তোলা এবং নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল হারামাইন স্টোর ডটকম, স্টোরোলা, আলহিসাব ও হিলিং কোরআন। আয়োজকরা জানান, উদ্যোক্তাদের মধ্যে জ্ঞান বিনিময় ও ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

