চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড
দেশের চা শিল্পে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে রাষ্ট্রায়ত্ত ও পাবলিক লিমিটেড কোম্পানি ‘ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড’ (এনটিসি)। সম্প্রতি চট্টগ্রাম চা নিলামে কোম্পানির ১২টি চা বাগানের উৎপাদিত চা রেকর্ড দামে বিক্রি হয়েছে। ৩ আগস্ট অনুষ্ঠিত এই নিলামে ১ লাখ ৫১ হাজার ৫৬০ কেজি চা কেজিপ্রতি গড়ে ২৮৬ টাকা ৫৯ পয়সা দরে বিক্রি হয়েছে, যা সরকারি ফ্লোর প্রাইসের চেয়ে অনেক বেশি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত ২৪৫ টাকার ফ্লোর প্রাইসের চেয়ে কেজিপ্রতি ৪১ টাকা ৫৯ পয়সা বেশি দরে এনটিসি’র চা বিক্রি হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, নিলামে অংশ নেওয়া ১২টি বাগানের প্রতিটি বাগানের চায়ের গড় বিক্রয় মূল্য ছিল কেজিপ্রতি ২৮০ টাকার ওপরে। কোম্পানির ইতিহাসে ১২টি বাগানের সবগুলোর এমন উচ্চ গড় মূল্য অর্জন এবারই প্রথম। এই নিলাম থেকে মোট ৪ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৭২২ টাকা বিক্রয় লব্ধ আয় হয়েছে।
ন্যাশনাল টি কোম্পানির তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত তাদের চা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক ও দক্ষ ব্যবস্থাপনা, যথাযথ ব্যয় নিয়ন্ত্রণ এবং চায়ের গুণগত মানোন্নয়ন কার্যক্রম এই অভাবনীয় প্রবৃদ্ধিতে মূল ভূমিকা পালন করেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ।
কোম্পানির সচিব এ. কে. আজাদ চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গুণগত মান বজায় রাখার ফলেই আন্তর্জাতিক মানসম্পন্ন চা উৎপাদন সম্ভব হচ্ছে। দেশের চা শিল্পের উন্নয়নে এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান সুসংহত করতে ন্যাশনাল টি কোম্পানি ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।
এ অভাবনীয় সাফল্যে মৌলভীবাজারের কমলগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবস্থিত এনটিসি’র বাগানগুলোর শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
