সুনামগঞ্জে স্বজনদের খুঁজছেন আসামের কুমু তালুকদার
শৈশবের স্মৃতি, জন্মভিটা আর নাড়ির টানে দীর্ঘ চার দশক পর স্বজনদের ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন ভারতের আসামে বসবাসরত এক পরিবার। প্রায় ৪০ বছর আগে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কামাউড়া গ্রাম ছেড়ে ভারতে চলে যাওয়া কুমু তালুকদার (৮০) জীবনের শেষবেলায় এসে তাঁর ভাই-বোন ও আত্মীয়-স্বজনের সন্ধান পেতে সুনামগঞ্জবাসীর সহায়তা চেয়েছেন।
পরিবারের দেওয়া তথ্যমতে, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কামাউড়া গ্রামের ‘পূবের বাড়ি’ হিসেবে পরিচিত ছিল কুমু তালুকদারের আদি ভিটা। তাঁর বাবার নাম কুলেশ্বর তালুকদার এবং মায়ের নাম জানোকি। কুলেশ্বর ও জানোকি দম্পতির সাত সন্তানের মধ্যে ছিলেন মাখন তালুকদার, কিরণ তালুকদার, রবীন্দ্র তালুকদার, পার্বতী, রেবতী, হারাইল ও কুমু। কুমু তালুকদারের বিয়ে হয়েছিল একই এলাকার নিউতপুর গ্রামে।
স্মৃতি হাতড়ে পরিবারটি জানায়, কুমুর জ্যাঠাতো ভাই ছিলেন বাদল তালুকদার ও ঈশ্বর তালুকদার। তাঁর ভাতিজাদের নাম রমেশ, সুরেশ, হিতেন্দ্র ও গণেশ। কুমুর এক বোনের বিয়ে হয়েছিল সারকোণা গ্রামে এবং অন্য এক বোনের বিয়ে হয়েছিল ধনুম গ্রামে। বর্তমানে ৮০ বছর বয়সী কুমু তালুকদার বয়সের ভারে নুয়ে পড়লেও ভুলতে পারেননি হাওরপারের সেই শৈশব আর প্রিয় স্বজনদের মুখ। জীবনের পড়ন্ত বেলায় এসে তিনি অন্তত একবারের জন্য হলেও তাঁর উত্তরসূরি বা স্বজনদের দেখা পেতে চান।
বর্তমানে ভারতের আসামে বসবাসরত কুমুর তিন কন্যা শিলা, প্রতিমা ও সেতু তাঁদের মায়ের এই ইচ্ছাকে পূরণ করতে দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু দীর্ঘ দিন যোগাযোগ না থাকায় তাঁরা সঠিক কোনো সূত্র খুঁজে পাচ্ছেন না। তাঁদের বিশ্বাস, সুনামগঞ্জের কামাউড়া বা এর আশপাশের এলাকায় এখনও তাঁদের উত্তরসূরিরা বসবাস করছেন অথবা স্থানীয় প্রবীণ কেউ এই ‘পূবের বাড়ি’র কথা মনে রেখেছেন।
আসাম থেকে পরিবারের সদস্যরা সুনামগঞ্জের সচেতন নাগরিক ও এলাকাবাসীর প্রতি বিনীত আবেদন জানিয়েছেন, যদি কুলেশ্বর তালুকদারের পরিবার, ‘পূবের বাড়ি’ কিংবা কুমু তালুকদারের বংশধরদের সম্পর্কে কোনো তথ্য কারো জানা থাকে, তবে যেন দ্রুত যোগাযোগ করেন। একটি সঠিক তথ্য হয়তো বিচ্ছিন্ন একটি পরিবারকে চার দশক পর পুনরায় একত্রিত করতে পারে।
উপরে উল্লিখিত কামাউড়া গ্রামের ‘পূবের বাড়ি’ বা তালুকদার পরিবার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে মধ্যনগর এলাকার স্থানীয় প্রতিনিধি বা সংশ্লিষ্ট ফেসবুক লিঙ্কে (https://www.facebook.com/share/1DH3tVVLRX/) যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
