শাল্লায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জের শাল্লায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
শাল্লা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াসচন্দ্র দাস।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব কিংবা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে প্রকৃত তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি করা যাবে না। প্রতিটি পরিবার থেকে একজন করে ফ্যামিলি কার্ড পাবেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বপ্রাপ্ত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার এবং দৈনিক শ্যামল সিলেটের শাল্লা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার।
বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ, স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রকৃত উপকারভোগী নির্বাচন করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদারকির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ফ্যামিলি কার্ড বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কার্যক্রমটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

