হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সলের বিরুদ্ধে অপপ্রচার
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ এস এম ফয়সলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও মানহানির চেষ্টার অভিযোগে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক কায়েস আহমেদ সালমান বাদী হয়ে এই জিডিটি দায়ের করেন।
জিডি সূত্রে জানা গেছে, ‘মো. জীবন হোসেন’ ও ‘আমি এক দেশপ্রেমিক’সহ কয়েকটি ফেসবুক আইডি থেকে গত কিছুদিন ধরে সংসদ সদস্য এস এম ফয়সলকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ, মানহানিকর ও ভিত্তিহীন পোস্ট দেওয়া হচ্ছে। অভিযোগে উল্লেখ করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং সংসদ সদস্যকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই একটি কুচক্রী মহল এসব ভুয়া আইডি ব্যবহার করে অপতৎপরতা চালাচ্ছে।
অভিযোগকারী কায়েস আহমেদ সালমান জানান, এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ফলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে। তিনি পুলিশের কাছে সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা সাধারণ ডায়েরিটি আমলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্তের জন্য থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পাভেল আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
