যাদুকাটা নদী থেকে কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে আজগর আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিন্নাকুলি গ্রামের কাছে নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আজগর আলী পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের মৃত ইসমাইলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে আজগর আলী ও তাঁর স্ত্রী মিয়ারচর কবরস্থান সংলগ্ন একটি দোকানে চা পান করেন। এরপর তাঁর স্ত্রী বাড়িতে ফিরে গেলেও আজগর আলী আর ফেরেননি। সোমবার সকালে স্থানীয় লোকজন বিন্নাকুলি গ্রামের আব্দুল হকের বাড়ির পশ্চিম পাশে যাদুকাটা নদীর তীরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে স্বজনরা গিয়ে লাশটি আজগর আলীর বলে শনাক্ত করেন।
নিহতের ছেলে সৈয়দ ওরফে শহীদ বলেন, আমার বাবা কৃষিকাজ করে কোনোমতে সংসার চালাতেন। আমাদের কোনো শত্রু নেই। আমার বাবাকে নৃশংসভাবে খুন করে কেউ নদীতে ফেলে দিয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঘটনাস্থল পরিদর্শনকারী তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে নিহতের বাম হাতে গভীর জখম এবং মাথায় ছিদ্রসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা-ছেঁড়া চিহ্ন পাওয়া গেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের জখম দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
