ছাত্রদল নেতার নামে চাঁদাবাজি মামলার বাদি ডাকাতি মামলায় গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদি মাদক ও ডাকাতি মামলার আসামি অরূপ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।
আটক অরূপ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মনির চৌধুরীর ছেলে।
জানাগেছে ধৃত অরূপ চৌধুরী বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের বিভিন্ন থানায় দুটি ডাকাতি, দুটি মাদক মামলা ও একটি মারামারির মামলা রয়েছে।
উল্লেখ্য অরূপ চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার ভোররাতে কালিকাপুর থেকে মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও মোনায়েম খানকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে।
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। জামিল চৌধুরীর শুভাকাঙ্ক্ষীরা ঘটনাটিকে ষড়যন্ত্রমুলক বলে দাবি করেন।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, 'চাঁদাবাজিসহ সকল অপকর্মের বিরুদ্ধে ছাত্রদলের তথা বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পেলে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।'
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানিয়েছেন চাঁদাবাজির অভিযোগে জামিল চৌধুরী ও মোনায়েম খানের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

